ফুলবাড়ীতে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। ৬ দিনের ট্রেনিংয়ে অংশ নিতে তিনি ১২ নম্বর ব্যাটেলিয়ানে এসেছিলেন।
অভিযোগ, গতকাল রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন পঙ্কজ বর্মন। সেই সময় ক্যাম্পে থাকা সেন্ট্রিকে বিষয়টি জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। তবে সহকর্মীদের দাবি, দ্রুত চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রেনিংয়ে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। বর্তমানে পুলিশ ক্যাম্পের ভিতরে বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।
ঘটনার তদন্ত ও দায় নির্ধারণের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিতভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।