শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াতকারী পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। রবিবার মৈনাক ট্যুরিস্ট লজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল শিলিগুড়ি পুলিশ ট্যুরিস্ট হেল্পলাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক ও পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা (আইপিএস), ডেপুটি কমিশনার অব পুলিশ (হেডকোয়ার্টার্স) তন্ময় সরকার (আইপিএস), ডেপুটি কমিশনার অব পুলিশ (ট্রাফিক) কাজি সামসুদ্দিন আহমেদ (আইপিএস)-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
এই হেল্পলাইনের মাধ্যমে শিলিগুড়ি হয়ে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স ও সিকিমগামী পর্যটকরা যাত্রাপথে অতিরিক্ত ভাড়া আদায়, প্রতারণা, অসদাচরণ বা অন্য কোনো সমস্যায় দ্রুত পুলিশের সহায়তা নিতে পারবেন।
শিলিগুড়ি পুলিশ ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর: ৯৮০০২৪২৪২৬
এদিন ট্রাফিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ট্রাফিক বিভাগের হাতে চারটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলও তুলে দেওয়া হয়। এর মধ্যে দুটি পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড, একটি জংশন ট্রাফিক গার্ড এবং একটি ভক্তিনগর ট্রাফিক গার্ডে মোতায়েন করা হবে।
পাশাপাশি ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাঁদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এই উদ্যোগে পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার হবে বলেই আশা করা হচ্ছে।